শবে বরাতে ভিন্ন স্বাদের ছানার ক্ষীর



শবে বরাতের কথা মনে আসলেই সবার প্রথমে আমাদের নানা রকম মিষ্টি দ্রব্যের নাম। তবে একই ধরণের হালুয়া বা মোরব্বার ভীড়ে আমাদের সবারই আলাদা কিছু করার চেষ্টা থাকে। আর তাই এক্ষেত্রে বেছে নিতে পারেন ছানার ক্ষীর।

আসুন দেখে নেয়া যাক ছানার ক্ষীর তৈরিতে কি কি লাগছে;

উপকরণ
দুধ                 দেড় লিটার
কনডেন্স মিল্ক  ১/২ কাপ
ছানা              ২৫০ গ্রাম
চিনি               স্বাদমত
এলাচ গুঁড়ো    হাফ চা চামচ
পেস্তা বাদাম    ১ টেবিল চামচ  (কুচি করে কেটে নেয়া)
কাজু বাদাম     ১ টেবিল চামচ  (কুচি করে কেটে নেয়া)
কিসমিস        ইচ্ছা
জাফরান        ইচ্ছা

প্রণালী 
প্রথমে ছানা ভালোভাবে মেখে ফেলুন। এবার তার থেকে ছোটো ছোটো বল তৈরি করুন। একটি পাত্রে পানি ঢেলে তা ফোটাতে থাকুন। পানি ফুটতে শুরু করলে চিনি দিয়ে দিন। এবার ছানার বলগুলো ফুটন্ত সিরায় ঢেলে আলতোভাবে নাড়তে থাকুন। খানিকক্ষণ ফোটানোর পর দেখবেন ছানার বলগুলোর ভেতরে রস ঢুকেছে। সিরা শুকিয়ে এলে চুলা বন্ধ করে দিন। ছানার বলগুলো হালকা ভাবে ভেঙ্গে নিন।

একটি পাত্রে দুধ ফোটাতে থাকুন। বেশ খানিকক্ষণ ধরে দুধ ফোটান। দুধ ফুটে ১ লিটার হয়ে এলে তার মধ্যে এলাচ গুঁড়ো, কিশমিশ ও কনডেন্স মিল্ক মেশান। এবার আস্তে আস্তে ছানাটা ছেড়ে দিন। পাত্রটি ঢাকান দিয়ে ডেকে দিন। ১৫ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন তৈরি ছানার পায়েস। ঠান্ডা হলে জাফরান, পেস্তা বাদাম ও কাজু বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।