মানুষ আসলে কিসে সুখী হয়?



মানুষ আসলে কিসে সুখী হয়?

মানুষ কীভাবে আরও বেশি সুখী হতে পারে এবং দীর্ঘ জীবনজুড়ে কোন বিষয়গুলো মানুষকে শারীরিক ও মানসিকভাবে ভালো রাখে, তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কোনো ধরাবাঁধা জাদুকরি ছক না থাকলেও মানুষের ভালো থাকার পেছনে ব্যক্তিগত সিদ্ধান্ত ও সামাজিক সম্পর্কের প্রভাব কতটা গভীর, তা উঠে এসেছে হার্ভার্ডের সুখ গবেষণা বা হার্ভার্ড স্টাডি অব অ্যাডাল্ট ডেভেলপমেন্টে। ১৯৩৮ সাল থেকে শুরু হওয়া বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি এই পর্যবেক্ষণে উঠে এসেছে, জীবনযাত্রার সচেতন নির্বাচন এবং ঘনিষ্ঠ মানবিক সম্পর্ক মানুষের মানসিক প্রশান্তি ও সন্তুষ্টির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।

হার্ভার্ড হেলথ পাবলিশিং এবং হার্ভার্ড স্টাডি অব অ্যাডাল্ট ডেভেলপমেন্টের প্রামাণ্য তথ্য অনুযায়ী, মানুষের সুখের মাত্রার প্রায় অর্ধেক বা ৫০ শতাংশ নির্ভর করে তাঁর জিনগত বৈশিষ্ট্যের ওপর। অর্থাৎ জন্মগতভাবেই কেউ কেউ তুলনামূলকভাবে বেশি আশাবাদী ও প্রফুল্ল মেজাজের হয়ে থাকেন। তবে গবেষকদের বিশ্লেষণে স্পষ্ট হয়েছে, মানুষের সুখের প্রায় ৪০ শতাংশ নির্ভর করে তাঁর নিজের নেওয়া সিদ্ধান্ত এবং দৈনন্দিন আচরণের ওপর। ১৯৩৮ সালে মহামন্দার সময়ে কিশোর বয়সী ৭২৪ জন পুরুষকে নিয়ে হার্ভার্ডের এই গবেষণা প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল। এই অংশগ্রহণকারীদের মধ্যে দুটি আলাদা দল ছিল। প্রথম দলটি ছিল গ্রান্ট স্টাডির আওতায় হার্ভার্ড কলেজের তৎকালীন ২৬৮ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী, যাঁদের একজন ছিলেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জন এফ কেনেডি। আর দ্বিতীয় দলটি ছিল গ্লুয়েক স্টাডির আওতায় বোস্টন শহরের সবচেয়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত এলাকার ৪৫৬ জন কিশোর।

আট দশকের বেশি সময় ধরে গবেষকেরা এই ৭২৪ জন মানুষের স্বাস্থ্যগত নথি, রক্তের পরীক্ষা ও মস্তিষ্কের স্ক্যান সংগ্রহ করেছেন এবং প্রতি দুই বছর অন্তর তাঁদের জীবন, কর্মক্ষেত্র, মানসিক ও আবেগীয় সুস্থতা নিয়ে প্রশ্ন করেছেন। এমনকি তাঁদের স্ত্রী ও পরিবারের সদস্যদেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং বর্তমানে মূল অংশগ্রহণকারীদের ১ হাজার ৩০০ জনের বেশি সন্তানের ওপর এই গবেষণার দ্বিতীয় প্রজন্মের পর্যবেক্ষণ চলছে। দীর্ঘকাল এই প্রকল্পের নেতৃত্বে ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ড. জর্জ ভেইল্যান্ট এবং বর্তমানে এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ড. রবার্ট ওয়াল্ডিঙ্গার ও সহযোগী পরিচালক ড. মার্ক শুলজ। প্রথম প্রজন্মের যাঁরা নব্বইয়ের কোঠায় পৌঁছে জীবিত ছিলেন, তাঁদের তথ্যে উঠে এসেছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনবোধে একটি বড় ইতিবাচক পরিবর্তন আসে।

গবেষণা প্রকল্পটির পরিচালক ড. রবার্ট ওয়াল্ডিঙ্গার জানান, বয়স বাড়লে মানুষ বুঝতে শেখে জীবন আসলে কতটা সংক্ষিপ্ত। ফলে তরুণ বয়সে মানুষ যেসব তুচ্ছ বিষয় বা ছোটখাটো ব্যর্থতা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করত, বয়স বাড়লে তারা সেসব অতীতের ব্যর্থতা সহজেই ঝেড়ে ফেলতে পারে এবং বর্তমানে কোন বিষয়টি তাদের আনন্দ দিচ্ছে, সেদিকে বেশি মনোযোগ দেয়। ড. ওয়াল্ডিঙ্গারের পরামর্শ হলো, শৈশব বা কৈশোরে গান গাওয়া, খেলাধুলা কিংবা শখের কোনো জিনিস সংগ্রহের যে কাজগুলো আনন্দ দিত, সুযোগ পেলেই জীবনে আবার সেসব শখের কাজে ফিরে যাওয়া উচিত।

হার্ভার্ডের এই দীর্ঘ পর্যবেক্ষণে সুখের সঙ্গে জীবনসঙ্গী, পরিবার, বন্ধুবান্ধব ও সামাজিক পরিমণ্ডলের ঘনিষ্ঠ সম্পর্কের সবচেয়ে শক্তিশালী যোগসূত্র পাওয়া গেছে। পঞ্চাশ বছর বয়সে যাঁদের ব্যাংক ব্যালান্স বা কোলেস্টেরলের মাত্রা নয়, বরং পারিবারিক ও সামাজিক সম্পর্কের সন্তুষ্টি সবচেয়ে ভালো ছিল, আশি বছর বয়সে তাঁরাই সবচেয়ে সুস্থ ও সুখী ছিলেন। ড. রবার্ট ওয়াল্ডিঙ্গার বলেন, “ব্যক্তিগত সংযোগ মানসিক ও আবেগীয় উদ্দীপনা তৈরি করে, যা মেজাজ ভালো রাখে।” বিপরীতে একাকীত্ব বা বিচ্ছিন্নতা মানুষের মন ও স্বাস্থ্যকে ভেঙে দেয়। ২০২১ সালের এক জরিপে দেখা যায়, এক-তৃতীয়াংশের বেশি মার্কিন নাগরিক তীব্র একাকীত্ব অনুভব করার কথা জানিয়েছেন, যা আধুনিক সমাজের এক বড় সংকট।

ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি জীবন থেকে নেতিবাচক মানুষের প্রভাব কমিয়ে আনাও মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। এ ছাড়া সামাজিক পরিধি বাড়াতে এবং জীবনে অর্থপূর্ণ উদ্দেশ্য খুঁজে পেতে নিজের পছন্দের কোনো জনকল্যাণমূলক কাজে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ২০১৬ সালের ১৯ মে বিএমজে ওপেন সাময়িকীতে প্রকাশিত এক সমীক্ষায় উঠে এসেছে, স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে মানসিক প্রশান্তি ও আনন্দ পাওয়ার এই সুফল ৪৫ থেকে ৮০ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে সবচেয়ে প্রবলভাবে কাজ করে।