বাড়তে পারে কফির দাম


paperslife

পানীয় পণ্য কফির বৈশ্বিক চাহিদায় উল্লম্ফন ঘটেছে। এদিকে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না থাকায় বাজারে পণ্যটির সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতি স্বল্প মেয়াদে কফির বাজার চাঙ্গা করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কফি বোর্ড অব ইন্ডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২৪ এপ্রিল নিউইয়র্কের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি কেজি কফির গড় মূল্য দাঁড়িয়েছিল ১৮৮ দশমিক শূন্য ৫ রুপি। একই বাজারে  আগামী সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে পানীয় পণ্যটির মূল্য বেড়ে ১৯১ দশমিক ৮৬ রুপিতে উন্নীত হতে পারে।

এছাড়া লন্ডন ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল ফিউচারস ও অপশনস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি কেজি রোবাস্তা কফির গড় মূল্য ছিল ৮৫ দশমিক ৪৯ রুপি। আগামী সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম বেড়ে কেজিপ্রতি ৮৯ দশমিক ৯৪ রুপিতে উন্নীত হতে পারে বলে মনে করছে কফি বোর্ড অব ইন্ডিয়া।

এদিকে ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশনে (আইসিও) সূচকে ২২ এপ্রিল প্রতি কেজি কফির গড় মূল্য ছিল ২৬২ দশমিক ৫৪ রুপি। পণ্যটির আগের দাম ছিল ২৬১ দশমিক ৫ রুপি  এ সময় প্রতি কেজি রোবাস্তা কফির গড় মূল্য ছিল ১০২ দশমিক ৯২ রুপি।

আইসিওর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বিশ্বজুড়ে কফি ব্যবহারে চাঙ্গা ভাব বজায় থাকতে পারে। ২০১৯-২০ মৌসুমে পণ্যটির বৈশ্বিক ব্যবহার আগের মৌসুমের তুলনায় দশমিক ৭ শতাংশ বেড়ে ১৬ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি) উন্নীত হতে পারে।