লটকন দিয়ে বানিয়ে ফেলুন জেলি


লটকন দিয়ে বানিয়ে ফেলুন জেলি

মৌসুমি ফল লটকনকে আগে ফল হিসাবে খুব একটা গুরুত্ব দেয়া হতো না কিন্তু বর্তমানে এর পুষ্টিমান প্রকাশিত হওয়ায় এর কদর খুব বেড়েছে। এমনকি মিষ্টি স্বাদের লটকনের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। আমরা অনেকেই জানিনা লটকন শুধু কাঁচাই নয় রান্না করেও খাওয়া যায়।
আসুন দেখে নেই কি সেই লটকনের রেসিপি;
লটকনের জেলি

উপকরণ:

খোসা ছাড়ানো লটকনের কোষ           ২ কাপ

পানি                ৪ কাপ

চিনি                 ২ কাপ

সাদা ভিনেগার  ৩ টেবিল চামচ

প্রণালি: 

একটি ননস্টিক প্যানে ৪ কাপ পানি দিন। লটকনের কোষগুলো সেদ্ধ করুন। একটু সময় নিয়ে সেদ্ধ করবেন যেন লটকনের টক ভালোভাবে বের হয়ে যায়। পানি প্রায় অর্ধেক হলে নামিয়ে নিন। এবার একটি ছাঁকনি দিয়ে নিচে বাটি রেখে সেদ্ধ লটকন থেকে পানি ঝরিয়ে নিন। এই পানি আবার প্যানে ঢেলে চিনি মিশিয়ে চুলায় দিতে হবে। কিছুক্ষণ ফোটার পর ভিনেগার দিয়ে দিন। ফুটানোর সময় প্যানের চারপাশে জমে ওঠা ফেনা তুলে ফেলতে হবে।

ফুটতে ফুটতে ঘন হয়ে এলে থালায় কয়েক ফোঁটা মিশ্রণ ফেলে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। ৩০ সেকেন্ডের পর থালা কাত করে দেখুন মিশ্রণটা পড়ে যাচ্ছে কিনা। না পড়লেই জেলি তৈরি। চুলা থেকে প্যান নামিয়ে নিন।

গরম থাকতে থাকতে পরিষ্কার কাচের বোতলে ভরে ফেলুন। বোতলের জেলি ঘরের তাপমাত্রায় নেমে আসা পর্যন্ত অপেক্ষা করুন (৮ থেকে ১০ ঘণ্টা)। এরপর জেলি খাওয়া যাবে।