১২ কেজি এলপিজি ২১৩৭ টাকা করার প্রস্তাব, আজ বিইআরসির শুনানি


বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ল এলপিজির দাম

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিকে ঘিরে তৈরি হয়েছে আলোচনা। আমদানিকারক ও অপারেটরদের প্রস্তাব অনুযায়ী, সিলিন্ডারটির দাম বর্তমান ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ১৩৭ টাকা করার কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিইআরসি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এলপিজির মূল্য সমন্বয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে আমদানিকারক ও অপারেটরদের ব্যয়ের হিসাব, পরিচালন খরচ এবং মূল্যবৃদ্ধির পক্ষে তাদের যুক্তি পর্যালোচনা করা হবে।

এর আগে চলতি মাসের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছিল। এর মধ্যেই নতুন করে আরও ৩০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা। প্রস্তাবটি অনুমোদিত হলে সিলিন্ডারটির দাম প্রায় ১৬ দশমিক ৩ শতাংশ বাড়বে। তবে কমিশনের অনুমোদন ছাড়া প্রস্তাবিত নতুন মূল্য কার্যকর হবে না।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) পক্ষ থেকে বলা হয়েছে, গত পাঁচ বছরে এ খাতের পরিচালন ব্যয় অনেক বেড়েছে। বর্তমানে এলপিজির দাম নির্ধারণে সৌদি আরবের কন্ট্রাক্ট প্রাইস, জাহাজভাড়া, বিমা ব্যয়, ডলারের বিনিময় হার ও জ্বালানি তেলের মূল্য বিবেচনায় নেওয়া হয়। তবে অন্যান্য পরিচালন ব্যয় বর্তমান মূল্য নির্ধারণ পদ্ধতিতে যথাযথভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলে দাবি সংগঠনটির।

লোয়াবের হিসাব অনুযায়ী, এলপিজি আমদানি ও খালাসের কয়েকটি খাতে প্রতি মেট্রিক টনে ৩০০ টাকা চার্জ নির্ধারিত থাকলেও ল্যান্ডিং চার্জ, লেভি, রিভার ডিউজ, কাস্টমস সার্ভে ও বন্দর চার্জসহ প্রকৃত ব্যয় দাঁড়ায় ৩৮০ টাকা। এ ব্যবধান সমন্বয়ের বিষয়টিও তাদের প্রস্তাবে গুরুত্ব পেয়েছে।

গণশুনানিতে শুধু বেসরকারি এলপিজির দাম নয়, সরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য এবং মজুত, বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যায়ের চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাবও বিবেচনা করা হবে।

সব পক্ষের বক্তব্য ও ব্যয়ের হিসাব পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম শেষ পর্যন্ত কত নির্ধারিত হবে, তা জানতে গণশুনিয়া শেষে বিইআরসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে ভোক্তাদের।