করোনা ভাইরাস সংক্রমণের প্রাথমিক লক্ষণ হিসেবে এতদিন ধরা হতো জ্বর, কাশি, গলাব্যাথা, শ্বাসকষ্ট, স্বাদ ও গন্ধের অনুভূতি হারানোর মতো কিছু উপসর্গকে। এছাড়া নানা সময়ে বিভিন্ন বয়সী রোগীর ক্ষেত্রে চোখে প্রদাহ, ডায়রিয়া, অ-কোষে ব্যথা, পেটে ব্যথাসহ আরও কিছু উপসর্গ দেখা দিয়েছিল।
এবার করোনা উপসর্গের তালিকায় আনুষ্ঠানিকভাবে নতুন ৬ লক্ষণ যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
এগুলো হলো- অত্যধিক শীত করা, কাঁপুনি দেওয়া, মাংসপেশিতে ব্যথা, মাথাব্যথা, স্বাদ বা ঘ্রাণশক্তি হারানো, বুকে ব্যথা, ঠোঁট নীলচে হয়ে যাওয়া।
এদিকে করোনা ভাইরাসের নতুন উপসর্গ হিসেবে হাত, পিঠ, বুক এমনকি জিহ্বায় র্যাশের মতো সমস্যার খবর আসছে। বিশেষ করে এ সমস্যা বেশি দেখা যাচ্ছে শিশু-কিশোরদের মধ্যে।
আবার ইতালি, স্পেন, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশে করোনা রোগীদের মধ্যে দেখা গেছে আরেক অদ্ভুত উপসর্গ। ‘কোভিড ফিট’ নামের এই উপসর্গে রোগীদের পায়ের পাতায় বা আঙুলে তীব্র ঠাণ্ডার জন্য সৃষ্ট ঘায়ের মতো ক্ষত বা ত্বক লাল-নীল রং ধারণ করতে দেখা যাচ্ছে। সঙ্গে দেখা দিচ্ছে চুলকানি।
বিশেষজ্ঞরা বলছেন, মূলত শীতপ্রধান দেশগুলোয় এ ধরনের সমস্যা দেখা দিলেও ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশগুলোয়ও এমন সমস্যা যে কোনো সময় দেখা দিতে পারে।

