আলোচিত করোনাভাইরাস বা কভিক-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৪ হাজার মানুষ। এর বেশিরভাগ প্রাণহানি ঘটেছে চীনে। তবে চীনের বাইরেও মারা গেছে ৪৯৮ জন।
শুধু চীনেই মারা গেছে তিন হাজার ৯৭ জন যার বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। গত ডিসেম্বরে হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়ায় করোনা ভাইরাস।
এদিকে, করোনা আক্রান্তকে শনাক্ত করতে বিশেষ হেলমেটের ব্যবহার শুরু করেছে চীন। চীনের পুলিশ বাহিনীকে এই হেলমেট সরবরাহ করা হয়েছে। এই হেলমেটটিকে বলা হচ্ছে স্মার্ট হেলমেট।
চীনা প্রশাসনের দাবি, এই স্মার্ট হেলমেটের নজর এড়ানো মুশকিল। করোনা আক্রান্তকে ঠিক চিহ্নিত করে ফেলবে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, পথচারীদের মধ্য থেকে করোনা আক্রান্তদের চিহ্নিত করতে চীনা পুলিশের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় পেট্রলিং করছে। সকলের মাথায় রয়েছে ওই স্মার্ট হেলমেট।
জানা গেছে, ওই হেলমেটে রয়েছে ইনফ্রারেড ক্যামেরা। কোনও পথচারীর শরীরে তাপমাত্রা বেশি থাকলেই ওই ক্যামেরা থেকে অ্যালার্ম বাজবে। গায়ের তাপমাত্রা বৃদ্ধি করোনা সংক্রমণের অন্যতম লক্ষণ। সোশ্যাল মিডিয়ায় চীনের এই স্মার্ট হেলমেটের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে।

