গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। সারা বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাসে প্রতি মুহূর্তে বাড়ছে এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ক্ষুদ্র এক অণুজীবের কাছে অসহায় হয়ে পড়েছে গোটা মানবজাতি।
প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৬২ লাখ ৬৬ হাজার ৮৭৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯৬০ জন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ১৮ লাখ ৩৭ হাজার ১৭৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ১৯৫ জনের।
এই অবস্থায় আশার কথা শোনালেন ইতালির একজন চিকিৎসা বিজ্ঞানী। তার দাবি, দিনে দিনে শারীরিক ক্ষতি করার শক্তি হারাচ্ছে করোনাভাইরাস। ইতালির আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রবিবার এ কথা বলেন জাংরিলো।
মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো বলছেন, ‘বাস্তবতা হল ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।’
প্রক্রিয়াধীন থাকা ‘বৈজ্ঞানিক প্রমাণের’ কথা উল্লেখ করে জাংরিলো বলছেন, ‘ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।’
ইতালির আরও একজন ডাক্তার ভাইরাসটির দুর্বল হওয়ার কথা জানিয়েছেন। এএনএসএ নিউজ এজেন্সিকে মাত্তিও বাসেটি নামের ওই চিকিৎসক বলেন, ‘দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই।’
ইতালিতে মে মাসের শুরুতেও ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু শেষ দিকে পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে সেখানে। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছেন।
সূত্র: রয়টার্স

