ভিন্ন স্বাদে চকলেট চিজকেক বাইট




আফসানা মেহনাজ
গৎবাঁধা রুটিনে যেন বাধা পড়েছে আমাদের জীবন। সেখানে একটু মিষ্টতা আনতে আমরা সবাই চাই। আর সেজন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রিয়জনদের জন্য নিজ হাতে কিছু তৈরি করা। তবে অনেক সময়ই সময়, সুযোগ এবং ব্যস্ততার কারণে তেমনটা হয়ে ওঠে না। কিন্তু তাই বলে তো আমরা থেমে থাকতে পারি না।
আর তাই ব্যস্ত জীবনে সম্পর্কের পাশাপাশি স্বাদেও একটু মিষ্টতা আনতে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদে চকোলেট চিজকেক বাইট। এই ডেজার্টি যেমন সুস্বাদু তেমনি সহজ। তাছাড়া এটি তৈরি করতে আপনাকে রান্নাঘরেও যেতে হবে না। আসুন দেখে নেয়া যাক এই ডেজার্টটি তৈরি করতে কি কি লাগছে;
উপকরণ:
বিস্কুট ১০টি (ভেঙ্গে গুড়ো করে নেয়া)
মাখন ৩ টেবিল চামচ
আইসিং সুগার ২ টেবিল চামচ
লবণ সামান্য
ক্রিম চিজ ২ কাপ
ভ্যানিলা অ্যাসেন্স ১ টেবিল চামচ
আইসিং সুগার ১ কাপ
চকলেট চিপস ১ কাপ
প্রণালি: প্রথমে কেক বেইস তৈরি করার জন্য বিস্কুটগুঁড়া, বাটার, চকলেট, ভ্যানিলা অ্যাসেন্স, চিনি ও লবণ (স্বাদমতো) দিয়ে ভালোমতো মিশিয়ে কেকের বেইস তৈরি করে নিতে হবে। এই বেইসটি কেক টিন / টার্ট টিনে ভালো করে হাত দিয়ে চেপে চেপে বসাতে হবে। তারপর ফ্রিজে ২০ মিনিট রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। এরপর ক্রিম চিজ, চিনি ও কিছুটা ভ্যানিলা অ্যাসেন্স মিশিয়ে ক্রিমের মত মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি কেক বেসের উপর ঢেলে ফ্রিজে ১ ঘণ্টা রেখে জমিয়ে নিতে হবে। এরপর কেক টিন থেকে চিজকেকটি বের করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর চকলেট চিপস গুলোর সাথে কিছুটা মাখন মিশিয়ে চকলেট চিপস গুলো গলিয়ে ছোট ছোট চিজ কেকের টুকরাগুলোকে কোট করতে হবে। এবার আরও ২০ মিনিট ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে চকলেট চিজকেক বাইট।
ক্রিমচিজের রেসিপি পেতে আরও পড়ুন;

এবার ঘরেই তৈরি করুন ক্রিম চীজ