মৃত ব্যক্তির শরীরে ৪ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে করোনাভাইরাস



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে খুব সাবধানতার সাথে দাফন করা যায়। লাশ ছুঁয়ে দেখারও সুযোগ থাকে না প্রিয়জনের। কারণ মৃত ব্যক্তির শরীরে থাকতে পারে এই প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব।

মৃত মানুষের শরীরে কতক্ষণ স্থায়ী থাকে এ ভাইরাস? বুধবার (১ এপ্রিল) জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জীবাণুবিদ খন্দকার মাহবুবা জামান জানান, মৃত ব্যক্তির শরীরে ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত ভাইরাসটি থাকতে পারে।

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডা. মাহবুবা বলেন, ভাইরাসটি সাধারণত জীবিত মানুষ বা প্রাণীর মধ্যে থাকে। মৃতদেহে ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। তবে কয়ঘণ্টা থাকতে পারে তা সুনির্দিষ্ট করে বলা যাবে না। দরকার হলে আমরা ২ থেকে সর্বোচ্চ ৪ ঘণ্টার মধ্যে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে থাকি। আক্রান্ত ব্যক্তির নমুনা নাকের মধ্যে থাকে। ওই ভাইরাসটি মৃত হয়ে গেলেও তার নমুনা সংগ্রহ করে পিসিয়ার করে সেটি টেস্ট করা যায়।