প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে নানা গবেষণা। এর ধারাবাহিকতায় এমন এক মাস্ক আবিষ্কার হয়েছে, যা শুধু ব্যাকটেরিয়া ও ভাইরাসকে আটকাবে না, নিষ্ক্রিয়ও করবে।
এমনই এক মাস্ক আবিষ্কার করেছে সুইজ়ারল্যান্ডের হাইজিন সংস্থা লিভিংগার্ড টেকনোলজিস। ৬৫ হাজারের বেশি পরীক্ষা ও একশ’র বেশি পেটেন্ট ফাইল করার পর সম্প্রতি মাস্কটি বাজারে এনেছে তারা।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের এই মাস্ক নভেল করোনাভাইরাসকে ৯৯ দশমিক ৯৯ শতাংশ পর্যন্ত নিষ্ক্রিয় করতে সক্ষম৷ ভারত, জার্মানি, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান ও দক্ষিণ আফ্রিকাতে কাজ করছে লিভিংগার্ড। এসব দেশে ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে বিশেষ ধরনের এই মাস্ক।
লিভিংগার্ডের প্রধান সঞ্জিব স্বামী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তাদের উদ্ভাবিত মাস্ক বিশেষ ধরনের কাপড়ে তৈরি, যা ভাইরাস নির্মূল করে শ্বাস-প্রশ্বাসকে আরও নিরাপদ করে তোলে।
জানা যায়, লিভিংগার্ড মাস্ক তৈরি হয়েছে তিনটি স্তরে, যা পাঁচ স্তরে সুরক্ষা দেয়। এর ফেব্রিক গন্ধহীন, নরম এবং সম্প্রসারণশীল, ফলে নাক ও মুখের জন্য আরামদায়ক। বিশ্বজুড়ে প্রথম সারির করোনাযোদ্ধারা ব্যবহার করছেন এই মাস্ক। এর দাম পড়ছে প্রতিটি দেড় থেকে দু’হাজার রুপির মতো।
সঞ্জিব স্বামী আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, মহামারি সময় এখন প্রতি মাসে কোটি কোটি মাস্ক দরকার। দৈনন্দিন জীবনযাপনের সঙ্গী হবে এই মাস্ক। সে কারণে লিভিংগার্ড মাস্ক প্রবর্তন করতে পেরে আমরা সম্মানিত।

