ঈদের দিনে চুল থাকুক ঝলমলে




ঈদুল- আযহা’র বাকি আছে মাত্র দুইদিন। এই অল্প সময়ে রান্না, ঘরবাড়ি গোছানোর পাশাপাশি নিজেকে সুন্দর রাখাও যেন একটা বড় চ্যালেঞ্জ। তাই অনেকেই ত্বকের যত্নে সময় বের করতে পারলেও উপেক্ষা করেন চুল।
আবার অনেকে মনে করেন স্বল্প সময়ের যত্নে সুন্দর, স্বাস্থ্যজ্বল চুল পাওয়া সম্ভব নয়। আবার হঠাৎ কোন বন্ধুর বাড়িতে দাওয়াত পড়ে গেলে, তখন কি আর এত সময় পাওয়া যায় চুলের যত্ন নেয়ার। তাহলে উপায়?
এই সমস্যার সমাধান করতে আজকে এমন কিছু হেয়ার প্যাক এবং হেয়ার টিপস দিব যা আপনাকে সিল্কি ঝলমলে চুল পেতে সাহায্য করবে। আর তাও এই দুইদিনে।
টকদই ও ডিমের প্যাক:
একটি ডিম, ১/২ কাপ টকদই, দুই টেবিল চামচ বাদাম তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি যেন ঘন ক্রিমি হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। ম্যাসাজ করে চুলে লাগান। আধাঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এটি আপনি আগের দিন গোসলের সময় লাগাতে পারেন।
লেবু ও নারিকেল তেল:
চুলের দৈর্ঘ্য এবং পরিমান অনুযায়ী লেবুর রস এবং নারিকেল তেল নিন। খুব ভালভাবে এই উপকরণ দুটি মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন। ১ ঘন্টা পর ধুয়ে ফেলুন। আপনি নিজেই আপনার চুলের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। ঈদের দিন গোসলের এক ঘন্টা আগে এই প্যাকটী লাগাতে পারেন।
পেঁয়াজ:
পেয়াজের রস নারিকেল তেলের সাথে মিশিয়ে লাগালে আপনি খুব সহজেই ঝলমলে চুল পেতে পারেন। তবে এই প্যাকটি চুলে পেয়াজের গন্ধের সৃষ্টি করে, তাই ঈদের দিন প্যাকটী না লাগানোই ভাল। তার বদলে ঈদের আগের দিন লাগিয়ে ভাল করে শ্যাম্পু করে নিন। দেখবেন চুল কেমন ঝলমলে হয়ে উঠেছে। এছাড়া আপনার হেয়ার ফলিকল এর কোনও অংশ ক্ষতিগ্রস্ত থাকলে নিয়মিত পেঁয়াজ ব্যবহারে তা সারিয়ে তোলে। যাদের চুল পাতলা তারা সপ্তাহে ২-৩ দিন ১০-১২ মিনিটের জন্য মাথার তালুতে পেঁয়াজ ঘষে ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই উপকার পাবেন।
টকদই এবং অ্যালোভেরা জেল:
অ্যালোভেরা জেলে কিছু পরিমাণে টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি চুলে লাগিয়ে নিন। একটি শাওয়ার ক্যাপ মাথায় লাগিয়ে নিন। সারারাত এভাবে রাখুন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন। এই প্যাকটিও আপনাকে ঝলমলে স্বাস্থ্যজ্বল চুল পেতে সাহায্য করবে।
তেল :
সুপ্রাচীন কাল থেকেই নারিকেল তেলকে বলা হয় সবচেয়ে ভালো ভেষজ কণ্ডিশনার। রাতে ঘুমানোর আগে এই তেলের মিশ্রণ হালকা গরম করে নিয়ে মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। চুলের প্রতিটি গোড়ায় যেন তেল পৌঁছায় সেজন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে পুরো চুল আর তালুতে তেল ম্যাসাজ করতে হবে। সারা রাত রাখা সম্ভব না হলে গোসলের ১ ঘণ্টা আগে চুলে তেল দিয়ে তারপর শ্যাম্পু করে নিতে হবে। তেল ব্যবহারে চুল হবে রেশমি, ঝলমলে ও স্বাস্থ্যবান।