ঈদের রেসিপি: মাংসের শুটকি




গতকাল পবিত্র ঈদুল আযহায় আল্লাহর সন্তুষ্টি লাভে একের পর এক পশু কোরবানি হয়েছে। কোরবানির দিন যে পরিমাণ মাংস একবারে ঘরে তোলা হয়, তা বোধহয় সারা বছরেও হয় না। কোরবানীর মাংস আত্মিয়-স্বজনদের সাথে ভাগ করে নিলেই পাওয়া যায় প্রকৃত পূর্ণতা।
দেশে বসবাসকারী আত্মীয়দের কাছে কোরবানীর মাংস পাঠানো সহজ হলেও, বিদেশে যারা থাকেন তাদের জন্য এটা অনেকটাই মুশকিল। সেক্ষেত্রে আপনি মাংসের শুটকি করে এসব আত্মীদের কাছে পাঠাতে পারেন কোরবানীর মাংস।
আসুন দেখে নেই মাংসের শুটকি করতে কি কি লাগছে;
উপকরণ
হাড় ও চর্বি ছাড়া মাংস
হলুদ
বড় চালনি
গুনা তার বা মোটা সুতা
প্রণালী
প্রথমে মাংস টুকরো করে কেটে ধুয়ে শুধু হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বাড়তি পানি না দেওয়াই ভালো। খুব ভালো করে মাংস সেদ্ধ করতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে। কাঁচা মাংস শুটকি হয় না, পচন ধরে বাজে গন্ধ ছড়ায়। সেদ্ধ হয়ে গেলে বড় চালুনিতে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর গুনা তার বা সুতলিতে গেঁথে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। অনেকে চুলার আঁচে শুকান। এর চেয়ে রোদ অনেক ভালো। বাড়িতে রোদ থাকলে রোদেই শুকাবেন। এরপর তার থেকে খুলে নিয়ে এয়ার টাইট টিনে বন্ধ করে রাখুন।
মাংসের শুটকির রান্নার পদ্ধতিটিও অনেক সোজা। গরম পানিতে ভিজিয়ে রেখে থেতো করে ঝুরি করে রান্না করতে পারেন। ভুনা করতে পারেন।
যেমন ইচ্ছা তেমন করেই এই শুটকি রান্না করা যায়।