গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। এরপর থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে প্রাণঘাতী এ ভাইরাস।
করোনার সেই আতুর ঘরে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে নয় দিনে ৬৫ লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।
চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৫ মে থেকে ২৩ মে পর্যন্ত ৯০ লাখের বেশি বাসিন্দার নমুনা সংগ্রহ করা হয়, যা শহরটির মোট বাসিন্দার ৮০ শতাংশ।
জানা যায়, উহানের এক কোটি ১০ লাখ বাসিন্দার সবার নমুনা ১০ দিনের মধ্যে পরীক্ষার পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ, তার অংশ হিসেবেই এদের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
ডিসেম্বরের শেষে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার কিছু দিন পর থেকে প্রায় তিন মাস কঠোর লকডাউনে ছিল উহান। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর ৮ এপ্রিল লকডাউন তুলে নেওয়া হয়।
তারপর চলতি মাসের ৯ ও ১০ তারিখে একটি আবাসিক কমপ্লেক্সে নতুন করে ছয় ব্যক্তির করোনভাইরাস ধরা পড়লে কর্তৃপক্ষ শহরের সব বাসিন্দার নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়।
উহানে যে গতিতে ও ব্যাপকতায় নমুনা পরীক্ষা করা হচ্ছে তা যুক্তরাষ্ট্রসহ বহু দেশের পরীক্ষার সক্ষমতার সমকক্ষ বা তাদের ছাড়িয়ে যাওয়ার মত বলে মন্তব্য করেছে সিএনএন।
উহানের সব এলাকাগুলোতে নমুনা সংগ্রহের বুথ বসানো হয়েছে। মুখে মাস্ক পরা বাসিন্দারা লাইন ধরে তাদের সোয়াব দিচ্ছেন পরীক্ষার জন্য।

