ঈদুল আযহা উপলক্ষে কাবাব, রেজালা, ভূনা, বিরিয়ানীর মত ভারী খাবার তো আমরা প্রচুর খেয়েছি। ফ্রিজে তো এখনো মাংসের ছড়াছড়ি।সব সময় তো আর একই স্বাদের গরুর মাংস রান্না খেতে ভালো লাগেনা। একটু ভিন্ন স্বাদও নেয়া দরকার। তাহলে উপায়? তাই গরুর মাংসের একটু ভিন্ন স্বাদ পেতে আজ শিখে নিন নতুন একটি পদ ক্রিসপি বিফ চিলি ফ্রাই।
আসুন দেখে নেয়া যাক ক্রিসপি বিফ চিলি ফ্রাই তৈরিতে কি কি লাগছে।;
উপকরণ
গরুর মাংস ২৫০ গ্রাম (হার ছাড়া খুবই পাতলা স্লাইস করে কাটা)
রসুন ৪/৫ কোয়া (কুচি করে নেয়া)
কাচা মরিচ স্বাদমতো
সয়া সস ২ টেবিল চামচ
গোল মরিচ গুঁড়ো স্বাদমতো
চিনি সামান্য
পেয়াজ কুচি ২ টেবিল চামচ
ক্যাপসিকাম ১ কাপ (কুচি করে নেয়া, আপনি চাইলে কয়েকটি রঙের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন)
কর্ণফ্লাওয়ার ১০০ গ্রাম
সুইট চিলি সস ২ টেবিল চামচ
টমেটো কেচাপ ২ টেবিল চামচ
প্রণালী
১ টেবিল চামচ সয়াসস, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো ও কর্ণফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরুর মাংস মেরিনেট করে রাখুন ১০ মিনিট। এরপর একটি প্যানে ডুবো তেলে মাংসগুলো মচমচে করে ভাজুন। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারে তুলে রাখুন যাতে বাড়তি তেল না থাকে। অপর একটি পাত্রে অল্প তেল নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিন। এরপর ক্যাপসিকাম গুলো মিশিয়ে নিন। হালকা ভাজুন। এরপর সবগুলো সস মিশিয়ে নিন। কিছুক্ষন রান্না করুন। ক্যাপসিকামগুলো নরম হয়ে গেলে ভেজে রাখা গরুর মাংসগুলো মিশিয়ে ২ মিনিট রান্না করুন ব্যাস তৈরি হয়ে যাবে ক্রিসপি বিফ চিলি ফ্রাই।
