করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে সরকারী ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। অঘোষিত লকডাউনে চলছে না ইঞ্জিন চালিত যান, চললেও নেহাতই কম সংখ্যায়। কলকারখানা বন্ধ। এমন অবস্থায় ফাঁকা রাজধানী বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রয়েছে ঢাকা।
আজ বুধবার (১ এপ্রিল) সকালে দ্বিতীয় খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৭৯। যার অর্থ হলো জনবহুল এ শহরের বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় থাইল্যান্ডের চিয়াং মাই ও পোল্যান্ডের ক্র্যাকোও যথাক্রমে ২০৩ ও ১৬১ একিউআই স্কোর নিয়ে প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে।
একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সাধারণ নগরবাসী বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।
একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
একিউআই স্কোর ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এ সময় স্বাস্থ্য সতর্কতাসহ প্রত্যেক নগরবাসীর জন্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

