আফসানা মেহনাজ
আমাদের অনেকেরই বিকেলের নাস্তায় ভাজা- পোড়া বেশ পছন্দের। আর এই পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কলিজা সিঙ্গারা। ছোট বড় সবারই এই খাবারটি ভীষণ প্রিয়। আর সাথে যদি থাকে গরম গরম ঘিয়ের মসলা চা তাহলে তো কথাই নেই।
তবে কলিজা সিঙ্গারা সাধারণত দোকান থেকেই কিনে খেতে হয়। অনেক সময় ঘরে বানালেও দোকানের মত হয় না। আর তাই আপনাদের জন্য আজ দেব দোকানের মত কলিজা সিঙ্গারা তৈরির রেসিপি। সাথে থাকছে স্পেশাল ঘিয়ের চা।
উপকরণ
পুরের জন্য;
আলু ২ টি ( সিদ্ধ করে ছোট কিউব করে কাটা )
গরুর কলিজা ১ কাপ ( রান্না করা )
পেঁয়াজ কুচি ১/৪ কাপ
তেল ২ টেবিল চামচ
বিটলবন সামান্য
আদা বাটা ১/২চা চামচ
ধনে ও জিরা গুড়ো ১চা চামচ
গোলমরিচগুড়ো ১/২চা চামচ
হলুদ গুড়ো ১/২চা চামচ
ধনে পাতা কুচি ১/৪কাপ
কাচামরিচ কুচি ১টেবিল চামচ
প্রণালী;
প্যানে তেল হালকা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। আদা বাটা দিয়ে অন্য গুড়ো মশলা দিয়ে দিন। অল্প পানি দিন যাতে মসলা পুড়ে না যায়। এখন আলু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। আলু একটু ভর্তা হবে। কলিজা দিয়ে মিশিয়ে৫ নিনিট দমে রাখুন। বিটলবন দিন। কাচা মরিচ,ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ঠান্ডা করুন।
খামিরের জন্য;
ময়দা ২ কাপ
লবন স্বাদমত
কালিজিরা ১ চা চামচ
তেল ২ টেবিল চামচ
পানি পরিমানমত
প্রণালী;
উপরের সব উপকরন পরিমান মত পানি দিয়ে মাখিয়ে শক্ত খামির বানিয়ে ফেলুন। ২০ মিনিট ঢেকে রেখে দিন। রুটি বানানোর পিড়িতে নিয়ে ময়দা ছিটিয়ে পাতলা ডিমের আকারের রুটি বানিয়ে নিন। ছুরি দিয়ে রুটির মাঝখানে কেটে নিন। একভাগ নিয়ে তার চারিপাশে পানি লাগিয়ে নিন। হাতে নিয়ে ফানেলের আকা্রে বানিয়ে হাতের তজর্নী ও বুড়ো আঙ্গুল গোল করে তার মাঝখানে রাখুন। ফানেলের মাঝে পুর ভরে দিন। উপরে ১/৪ ইঞ্চি খালি রাখুন। উচু পাশ দিয়ে পুর ঢেকে দিন। দুইপাশ পানি দিয়ে চেপে লাগিযে নিন। মুখ বন্ধ করে হাত দিয়ে পুরো সিঙ্গারা কিছুটা চেপে নিন। ডুবো তেলে ভেজে তুলুন।
আসুন দেখে নেই ঘিয়ের চায়ের জন্য কি কি লাগছে
উপকরণ;
ঘি ২ চা চামচ
চিনি স্বাদমত
চা পাতা ২ চা চামচ
দুধ ২ কাপ
পানি ২ কাপ
এলাচ ২টি
দারূচিনি ২ টি
লবঙ্গ ৩/৪টি
প্রণালী;
একটি পাত্রে পানি ও দুধ একসাথে মিশিয়ে তাতে এলাচ,দারুচিনি ,লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। অতঃপর তাতে চা পাতা দিন। অল্প আঁচে মিশ্রণটিকে ফুটান। যখন মিশ্রণটি ফুটতে শুরু করবে তখন তাতে চিনি দিন। এই অবস্থায় আরো ২ মিনিট ফুটান এবং চুলা থেকে নামিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন। কাপে দেয়ার পর প্রতি কাপে এক চামচ করে ঘি মিশিয়ে দিন। চাইলে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন।
