চিকিৎসাধীন আনিসুল হকের রক্তে সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার মেয়রের পারিবারিক সূত্রে এ কথা জানা যায়।
আনিসুল হকের স্ত্রী রুবানা হক বলেন, “সংক্রমণের কারণে আনিসুল হককে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।”
এর আগে গত ৪ অগাস্ট অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল আনিসুল হককে। অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তরের খবর জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। তার এক মাসের মধ্যে ফের আইসিইউতে নেওয়া হল ৬৫ বছর বয়সী আনিসুল হককে।
গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। অসুস্থ বোধ করায় আগস্টের মাঝামাঝিতে লন্ডনের একটি হাসপাতালে গেলে সেখানে পরীক্ষা চলার মধ্যেই সংজ্ঞা হারান তিনি। পরে তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।
এদিকে আনিসুল হকের অসুস্থতা নিয়ে নানা গুঞ্জনের প্রেক্ষাপটে গত ২৩ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন বিবৃতি দিয়ে জানায়, তার অবস্থার উন্নতি হচ্ছে।
“কোনো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল মেয়র আনিসুল হক এবং তার শারীরিক অবস্থা নিয়ে নেতিবাচক প্রচারণা করে চলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”
রুবানা হকও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীকে নিয়ে নানা খবরকে গুজব বলে উড়িয়ে দেন।
৬৫ বছর বয়সী আনিসুল হক বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে জনপ্রিয়তা পান। তৈরি পোশাকখাতের এই ব্যবসায়ী এক সময় বিজিএমইএ’র সভাপতি ছিলেন। এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতির দায়িত্বও পালন করেন।
২০১১ সালের ১ ডিসেম্বর গঠিত হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিপুল ভোটে উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।
আরও পড়ুন;
অসুস্থ হয়ে লন্ডনে হাসপাতালে মেয়র আনিসুল
দ্রুত সমাধানের পথ নেই: আনিসুল হক
মশারি নিয়ে মন্তব্য: দুঃখ প্রকাশ করলেন মেয়র
২৪ ঘন্টার মধ্যে ঢাকা সাফ করার আশ্বাস মেয়রের
ধুলাবালি রোধে দক্ষিণ সিটি করপোরেশনের অভিনব পদক্ষেপ
