বিশ্ব এখনো করোনার সবচেয়ে খারাপ দিকটা এখনো দেখেইনি, এমন তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সোমবার তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের দেশগুলোর সরকার যদি করোনা মোকাবিলায় সঠিক কৌশল বা পন্থা বা পদক্ষেপ বাস্তবায়ন শুরু না করে, তাহলে আরো বহু মানুষ করোনায় আক্রান্ত হতে পারে।
টেড্রস আধানোম গ্যব্রিয়েসুস আরো বলেন, ‘এক কোটি মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে এবং পাঁচ লাখ মানুষ মারা গেছে। এমন পরিস্থিতিতে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সমস্যাগুলো এরই মধ্যে চিহ্নিত করেছি, সেগুলো সমাধানে নজর না দিয়ে জাতীয় ঐক্যের অভাব, বৈশ্বিক সহমর্মিতার অভাব এবং দ্বিধা-বিভক্তির বিশ্ব আসলে ভাইরাসকে ছড়িয়ে পড়তেই সহায়তা করছে… সবচেয়ে খারাপটা এখনো আসা বাকি রয়েছে।’
তিনি আরও জানান, ‘আমরা সবাই চাই এর (করোনাজনিত পরিস্থিতি) অবসান হোক। আমরা সবাই চাই আমাদের জীবন চলমান থাকুক। কিন্তু কঠিন বাস্তবতা হলো, এ পরিস্থিতি অবসানের কাছাকাছি পর্যায়েও নেই। করোনা মোকাবিলায় অনেক দেশ কিছু উন্নতি করলেও, প্রকৃতপক্ষে বিশ্বজুড়ে করোনার মহামারি দ্রুতগতিতে ছড়াচ্ছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিভিন্ন দেশের সরকারকে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও জাপানের উদাহরণ অনুসরণ করার আহ্বান জানান। এতে করোনাভাইরাস প্রতিরোধ সম্ভব বলে মনে করেন তিনি।
সুত্র : বিবিসি

