ফ্রেন্ডশিপ ডে: বন্ধুকে দিতে পারেন এই সাশ্রয়ী উপহারগুলো




মা বাবার সঙ্গে যে কথাগুলো বলা হয়ে ওঠে না, সে কথাগুলো বলার একমাত্র নির্ভরতার মানুষ হল বন্ধু। আর এই সম্পর্ক প্রতিদিন সমান গুরুত্বের হলেও বন্ধুকে খানিকটা আলাদা করে মূল্যায়ন করার জন্য পালিত হয়ে আসছে ‘বন্ধু দিবস’।
প্রতি বছরের আগস্ট মাসের প্রথম রবিবার পালিত হয় আন্তর্জাতিক বন্ধু দিবস। এদিন বন্ধুরা একে অপরকে উপহার দেয়। অথবা সবাই মিলে কিছুটা বাড়তি সময় পার করে উদযাপন করা হয় দিনটি। বন্ধুত্বের নিদর্শন হিসেবে এদিন বিভিন্ন উপহার দেয়ার প্রচলন আছে।
কিন্তু অনেকেই বন্ধুদের কি উপহার দেবেন খুঁজে পান না। আবার অনেক ক্ষেত্রে শখের সাথে সাধ্যের সমতা হয় না। তাই আসুন দেখে নেয়া যাক বন্ধুদের দিনে বন্ধুদের জন্য কয়েকটি সাশ্রয়ী উপহারের আইডিয়া;
বই: শুধু বন্ধু নয় যেকোন ক্ষেত্রেই উপহার দেওয়ার জন্য সেরা উপহার বোধহয় বই। বই দিয়ে মনের কথা বোঝানো যায় বন্ধুকে। আবার অনেক সময় অনেক বইয়ের সঙ্গে জড়িয়ে থাকে কিছু বিশেষ স্মৃতি। চাইলে বইয়ের প্রথম পাতায় বন্ধুকে উদ্দেশ্য করে কিছু লিখে উপহারটিকে আরও স্মরণীয় করে তুলতে পারেন।
চকলেট: সম্পর্ক যখন বন্ধুত্বের তখন চকলেট তো খেতেই হবে। উপহার দেওয়ার জন্য অন্য কিছু না পেলে বন্ধুকে দিতে পারেন চকলেট, কেক, কুকিজের গিফট বাস্কেট বা শুধু নানা রকমের চকলেটও দিতে পারেন। আর আপনার বন্ধুটি যদি মেয়ে হয় তাহলে চকলেট পেলে অবশ্যই ওই দিনটি তার জন্য স্পেশাল হয়ে যাবে। বাজারে বিভিন্ন চকলেট বক্স কিনতে পাওয়া যায়। বিভিন্ন স্বাদ এবং সংখ্যা হিসেবে এসব বক্সের দাম নির্ধারিত হয়ে থাকে। তাই কেনার আগে আপনার অবশ্যই জেনে নিবেন যার জন্য কিনছেন তিনি কোন স্বাদটি বেশী পছন্দ করেন।
ফ্রেন্ডশিপ ব্যান্ড: বন্ধুত্বের প্রতীক হিসেবে সবচাইতে জনপ্রিয় উপহারটি হচ্ছে ফ্রেন্ডশিপ ব্যান্ড। দেশীয় সকল গিফট শপ গুলোতে বেশ কম দামেই পেয়ে যাবেন পছন্দের ফ্রেন্ডশিপ ব্যান্ড। তাছাড়া, চাইলে নিজেও খুব সহজে বানিয়ে নিতে পারেন বন্ধুর জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ডটি। কয়েকধরণের এবং রঙের সুতো গেঁথে খুব সহজেই তৈরি করা যায় এই ফ্রেন্ডশিপ ব্যান্ড।
চারা গাছ: বন্ধুকে দিতে পারেন ছোট্ট একটি গাছের চারা। বন্ধুত্বের প্রতীক হিসেবে। সাথে দিতে পারেন চমৎকার একটি বার্তা। লিখতে পারেন, ‘প্রতি দিন পানি দিয়ে যত্ন নিয়ে যে ভাবে চারা গাছ বড় করে তুলতে হয়, বন্ধুত্বের সম্পর্কও সে ভাবে সযত্নে টিকিয়ে রাখতে হয়।’
ফোটো কোলাজ: যদি আপনারা অনেক দিনের বন্ধু হন তা হলে নিশ্চয়ই দুজনের একসঙ্গে অনেক ছবি রয়েছে। স্মৃতি বিজড়িত সেই সব ছবি দিয়ে বানাতে পারেন দারুণ একটি কোলাজ। সাথে দিতে পারেন চমৎকার কিছু ক্যাপশন আর কার্ড।
পার্সোনালাইজড গিফট: নিজস্বতা বজায় রাখতে তৈরি করুন পার্লোনালাইজড গিফট। দুটো টি-শার্ট তৈরি করতে পারেন একটিতে ফ্রেন্ড, একটিতে ফরএভার লিখে। অথবা তৈরি করতে পারেন একই রকম কফি মাগ বা রিস্ট ব্যান্ড।
ফ্রেন্ডশিপ ডে: বন্ধুকে দিতে পারেন এই সাশ্রয়ী উপহারগুলো
ফুল: হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক হিসেবে অনেক জনপ্রিয়। বন্ধু দিবসের উপহার হিসেবে প্রিয় বন্ধুটিকে উপহার দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ। কিংবা একটি মাত্র গোলাপ উপহার দিয়েই খুশি করে দিন বন্ধুদেরকে। আবার হলুদ গোলাপ না পেলে যে বন্ধুকে দেয়া যাবে না, তা নয়। যে কোনও ফুলই মানুষের মনকে খুশিতে ভরে দিতে পারে।
কার্ড: প্রায় সব গিফট শপেই বন্ধুত্বের এই বিশেষ দিনটি উপলক্ষে পাওয়া যায় নানা ধরনের সুন্দর ডিজাইনের মনকাড়া কার্ড। ১০০ থেকে ৫০০ তাকার মধ্যে পছন্দের কার্ডটি পেয়ে যাবেন যেকোনো কার্ড ও গিফট শপ থেকেই। এছাড়া আধুনিক এই যুগে পছন্দের কথা ও ছবি সাজিয়ে নিজেই কার্ড প্রিন্ট করে বন্ধুকে দিতে পারেন। অথবা নিজের মনের মতো করে রংতুলি বা কথার মালা সাজিয়ে কার্ড বানিয়ে উপহার দিতে পারেন বন্ধুটিকে।
আচারের বোতল: আচার খাওয়ার ব্যাপারে যদি আপনি প্রতিযোগিতা করেন তবে ছেলে মেয়ে নির্বিশেষে যে কেউই সেই প্রতিযোগিতায় জিততে চাইবে। আমাদের দেশে এই খাবারটি সবারই প্রিয়। তাই এক বোতল আচার গিফট দিলে সেটি সকলেই পছন্দ করতে বাধ্য। নানা রকম আচার পাওয়া যায় বাজারে। তেঁতুল, জলপাই, বরই, চালতা ছাড়াও অনেক রকম আচার রয়েছে। তাই নিজের এবং বন্ধু ও আত্মীয়ের পছন্দ বুঝে গিফট করতে পারেন আচারের বোতল। আবার মিষ্টি, ঝাল, টক এবং মিক্সড স্বাদের আচারও কিন্তু পাওয়া যায়। কেনার সময় অবশ্যই এসব দিক খেয়াল রাখবেন।
সুগন্ধি সাবান ও মোমবাতি: আমাদের দৈনন্দিন জীবনে সাবানের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। আর কোন বিশেষ অনুষ্ঠানে মোমবাতি তো আমাদের লাগেই। তাই আপনি আপনার বন্ধু বা আত্মীয়কে গিফট হিসেবে এই ২টি জিনিস দিতে পারেন। যেকোনো গিফট শপে অল্প দামেই আপনি বিভিন্ন রঙের সুগন্ধি সাবান এবং মোমবাতি খুঁজে পাবেন। তাই আপনার বন্ধু বা আত্মীয়ের পছন্দ জেনে নিয়ে সেই অনুযায়ী সাবান এবং মোমবাতি গিফট দিতে পারেন।