ওজন কমাতে আমাদের কত শত প্রচেষ্টা। কত অধ্যাবসায়, ছোটাছুটি, কত ব্যায়াম। অনেকে তো উদ্ভট উদ্ভট খাবার খেতেও দ্বিধা করেন না। কিন্তু হতচ্ছারী ওজনটা কিছুতেই কমতে চায় না। তার উপরে কিছুদিন পরেই আসছে শীতকাল। এসময় প্রাকৃতিকভাবে ওজন একটু বেশিই বাড়ে। তবে চাইলে এ সময়টাতেও আপনি আপনার ওজনে লাগাম টানতে পারেন।
আর তাই ওজন কমানোর একটি সুস্বাদু সমাধান রয়েছে আজ। এই ভেজিটেবল স্যুপটি আপনাকে যেমন শক্তি যোগাবে। ঠিক তেমনি পেটও ভরে রাখবে। আসুন দেখি নেই স্যুপটি তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
গাজর ১ কাপ
বাঁধাকপি ১ কাপ
লাউ ১ কাপ (এই সবজিটি পেট ভরে রাখে। ওজন কমাতে বেশ সহায়ক)
মটরশুঁটি ১ কাপ
ব্রোকলি ১ কাপ
জুক্কিনি ১ কাপ
ক্যাপসিকাম ১ টা (কুচি করে কাটা)
গোলমরিচ গুড়া ২ চা চামচ
সয়াসস ১ টেবিল চামচ
টমেটো পেস্ট ২ টেবিল চামচ
লবণ স্বাদমত
আদা কুচি ১ চা চামচ
রসুন কুচি ২ কোয়া (বড়)
পিয়াজ ১ টি (মিহি কুচি)
লেবুর রস ২ টেবিল চামচ
কাঁচামরিচ ৩/৪ টি
ওলিভ ওয়েল ১ চা চামচ
প্রণালী
প্রথমে সব সবজি কুচি করে একসাথে মিশিয়ে নিন। এই সবজির ৩ ভাগের একভাগ সবজি সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করুন। এই পেস্টের সাথে পরিমাণ মত পানি, টমেটো পেস্ট, গোলমরিচ গুড়া, সয়াসস, ও লবণ মিশিয়ে নিন। এবার একটি সসপ্যানে এ চা চামচ তেল নিয়ে তাতে পিয়াজ, রসুন ও আদা হালকা ভেজে নিন। সবজি গুলো নিয়ে হালকা ভাজুন। কিছুক্ষণ পর ওই জলীয় দ্রবণটা মিশিয়ে নিন। আধঘণ্টা চুলায় রাখুন। সবজি সিদ্ধ হয়ে গেলে নামানোর ৫ মিনিট আগে লেবুর রস ও কাঁচামরিচ দিন। ব্যাস তৈরি হয়ে গেল ওজন কমানোর জন্য স্যুপ।
