৪ ঘণ্টা ঘুমিয়েও কীভাবে অনেকে সতেজ থাকেন?



৪ ঘণ্টা ঘুমিয়েও কীভাবে অনেকে সতেজ থাকেন?

চিকিৎসাবিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতি রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। কিন্তু আমাদের চারপাশে এমন কিছু মানুষ দেখা যায়, যাঁরা রাতে মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা ঘুমিয়েও সারা দিন পুরোপুরি সতেজ ও কর্মক্ষম থাকেন এবং তাঁদের মনোযোগের কোনো ঘাটতি দেখা যায় না। অন্যদিকে সাধারণ মানুষ টানা কয়েক দিন কম ঘুমালে শরীরে জমতে থাকে ক্লান্তি এবং কর্মক্ষমতা কমে যায়। বিজ্ঞানীরা বলছেন, বিরল জিনগত বৈশিষ্ট্যের মানুষেরা কম ঘুমিয়ে সুস্থ থাকলেও সাধারণ মানুষের ক্ষেত্রে ঘুমের ঘাটতি পূরণ করা না হলে দীর্ঘ মেয়াদে নানা শারীরিক ও মানসিক ঝুঁকি তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আণবিক জীববিজ্ঞানী ইং-হুই ফু এবং তাঁর গবেষক দল ২০১৯ সালে ঘুমের সময় নিয়ন্ত্রণকারী বিশেষ জিনগত পরিবর্তন শনাক্ত করেন। বংশগত এই বৈশিষ্ট্যকে বলা হয় ফ্যামিলিয়াল ন্যাচারাল শর্ট স্লিপ বা এফএনএসএস। যাঁদের শরীরে এই জিনগত বৈশিষ্ট্য রয়েছে, তাঁরা রাতে স্বাভাবিক সময়ে ঘুমাতে গেলেও মাত্র ৪ থেকে সাড়ে ৬ ঘণ্টা পর খুব ভোরে স্বাভাবিকভাবেই জেগে ওঠেন। ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে, এই জিনগত বৈশিষ্ট্য কম ঘুমালেও স্মৃতিশক্তি অটুট রাখে এবং আলঝেইমার রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে। এর আগে ২০১৪ সালে গবেষক রেনাটা পেলেগ্রিনো ও তাঁর সহকর্মীরা স্লিপ সাময়িকীতে ১০০ জোড়া যমজ মানুষের ওপর একটি গবেষণা প্রকাশ করেন। সেখানে দেখা যায়, ডিইসি২ জিনের বিশেষ পরিবর্তন থাকা একজন ভাই গড়ে ৫ ঘণ্টা ঘুমিয়েও তাঁর ৬ ঘণ্টা ৫ মিনিট ঘুমানো যমজ ভাইয়ের সমান গভীর ঘুম পেতেন এবং টানা ৩৮ ঘণ্টা জাগিয়ে রাখার পরও তাঁর মনোযোগ হারানোর হার ৪০ শতাংশ কম ছিল।

সম্প্রতি কিংস কলেজ লন্ডনের জিনবিজ্ঞানী ইসাবেল অস্টিন-জিমারম্যান ও তাঁর সহকর্মীরা প্রায় ৬ লাখ ৪৮ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করে ঘুমের সময়ের সঙ্গে সম্পর্কিত ২৩৪টি স্বতন্ত্র জিনগত পরিবর্তন শনাক্ত করেছেন। গবেষকদের মতে, মানুষের ঘুমের সময়ের পার্থক্যের ৩০ থেকে ৬৫ শতাংশই জিনগত কারণে ঘটে। তবে বিরল এফএনএসএস জিন ছাড়া সাধারণ মানুষের কম ঘুমের প্রবণতা অনিদ্রা, এডিএইচডি, বিষণ্নতার লক্ষণ এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। গবেষক ফু সতর্ক করেছেন যে জিনের কার্যপদ্ধতি পুরোপুরি না বুঝে কম ঘুমানোর ওষুধ তৈরি করলে ভবিষ্যতে আলঝেইমার, পারকিনসন বা ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ঘুমবিষয়ক গবেষক হান্স ভ্যান ডংগেনের পরীক্ষায় প্রমাণিত হয়েছে, সুস্থ প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে মাত্র ৪ বা ৬ ঘণ্টা ঘুমাতে দিলে দুই সপ্তাহ ধরে তাঁদের চিন্তাশক্তি ও মনোযোগ ক্রমাগত কমতে থাকে, অথচ তাঁরা নিজেদের সেই দুর্বলতা বুঝতেই পারেন না।

যুক্তরাষ্ট্রের স্লিপ ফাউন্ডেশনের ১ লাখ ৬০ হাজার প্রোফাইলের তথ্য অনুযায়ী, দুই-তৃতীয়াংশের বেশি মানুষ মাসের পর মাস ধরে অপর্যাপ্ত ঘুমের সমস্যায় ভুগছেন এবং এক-তৃতীয়াংশের বেশি মার্কিন নাগরিক প্রতি রাতে ৭ ঘণ্টার কম ঘুমান। কারও শরীরে প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন হলে তিনি যদি ৬ ঘণ্টা ঘুমান, তবে তাঁর প্রতিদিন ২ ঘণ্টা করে স্লিপ ডেট বা ঘুমের ঋণ জমা হয়। দীর্ঘদিন এই ঘাটতি চলতে থাকলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ওজন বৃদ্ধি এবং রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে।

স্লিপ ফাউন্ডেশন জানাচ্ছে, দিনের বেলা সংক্ষিপ্ত ঘুম বা ন্যাপ নেওয়া এবং সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা বেশি ঘুমানো সাময়িকভাবে ঘুমের ঘাটতি কমাতে সাহায্য করে, তবে পুরো সপ্তাহের ক্ষতির ধকল কাটিয়ে উঠতে বেশ কয়েক দিন সময় লাগে। স্থায়ীভাবে ঘুমের ঘাটতি এড়াতে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়তে হবে, ঘুমের সময়সূচি বদলাতে হলে ১৫ থেকে ৩০ মিনিট করে ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে এবং ঘুমানোর অন্তত ৩০ থেকে ৬০ মিনিট আগে ঘরের আলো কমিয়ে মোবাইল ও ইলেকট্রনিক পর্দা বন্ধ রাখতে হবে।