ওজন কমানো কিংবা স্বাস্থ্যকর খাবার হিসেবে ওটসের কদর সব সময়ই। ওটস খেতে চাইলেও অনেকে স্বাদের জন্য এটা এড়িয়ে যেতে চান। ওটস দিয়ে তৈরি আবার স্বাদেও দারুণ এরকম একটি খাবার ওটস পিজ্জা।
আসুন দেখে নেই ওটস পিজ্জা তৈরিতে কি কি লাগছে
উপকরণ:
ওটস মিল ১ কাপ
ডিম ৫টি
টমেটো পিউরি ৩ টেবিল চামচ
ঢাকাই পনির গ্রেট করা ১ কাপ
মাশরুম আধা কাপ
মুরগির ছোট কিউব আধা কাপ
রসুন বাটা ও আদা বাটা আধা চা-চামচ
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
ছোট পেঁয়াজ ১টি মোটা করে কাটা
ক্যাপসিকাম জুলিয়ান কাট করে কাটা আধা কাপ
অরিগানো আধা চা-চামচ
তেল ৩ টেবিল চামচ
লবণ ১ চা-চামচ
প্রণালি:
প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে ভেজে নিন। এবার মুরগি ও মাশরুম কুচি দিয়ে ১ মিনিট ভেজে নিন। ক্যাপসিকামগুলো দিয়ে আধা চা-চামচ লবণ দিতে হবে। আরও ১ মিনিট ভেজে নামিয়ে নিন। ডিমগুলো ফেটে নিয়ে আধা চা-চামচ লবণ ও ওটস মিশিয়ে নিন। প্যানে বাকি তেল দিয়ে তেল গরম হলে জ্বাল কমিয়ে ওটসের মিশ্রণটি পিৎজার আকারের মতো করে প্যানের চারপাশে ছড়িয়ে দিন। এবার টমেটো পিউরি ওটসের ওপর চারপাশে সমানভাবে ছড়িয়ে দিন। তার ওপর মুরগি ও ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়া, গ্রেট করা পনির এবং সবশেষে অরিগানো ছড়িয়ে দিন। ঢেকে ১০-১৫ মিনিট রান্না হতে দিন। যদি ১৫ মিনিট পর ঠিকমতো রান্না না হয়, তাহলে প্রয়োজনমতো আরও ৫-৭ মিনিট ঢেকে রান্না করুন। গরম গরম পরিবেশন করুন।
