এবার দেশে করোনা শনাক্তকরণ পরীক্ষা চালু হল আরও দুটি প্রতিষ্ঠানে। রোববার (২৬ এপ্রিল) করোনা সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
নতুন প্রতিষ্ঠান দু’টি হলো, চট্টগ্রাম ভ্যাটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি এবং দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ।
এসময় তিনি জানান, নতুন করে করোনা শনাক্তকরণ পরীক্ষার দুটি প্রতিষ্ঠান যুক্ত হওয়াতে এখন থেকে আরও অধিক নমুনা সংগ্রহ করা সম্ভব হবে।
ইতোমধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ আজ থেকে নমুনা নেয়া শুরু করেছে। আশা করছি আগামীকাল (সোমবার) তারা আমাদের কাছে রিপোর্ট দিতে পারবে।
এছাড়াও, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকার বাইরে মেডিকেল কলেজগুলোতে ৮ টি পিসিআর ল্যাব স্থাপন করা সম্ভব হয়েছে। সেইসাথে কীভাবে এই ল্যাবগুলো চালানো যায় সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
এ নিয়ে করোনা শনাক্তকরণ পরীক্ষার প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ২৫টি।

