করোনাভাইরাসের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেই বাঁচতে হবে এ মানবজাতিকে। এমনই আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সহজে বিদায় নেওয়ার মতো ভাইরাস নয় এ করোনাভাইরাস।
ডাব্লিউএইচও এর মতে, বিশ্বব্যাপী লকডাউনের জেরে বহু দেশেই সংক্রমণের গতি কমানো গিয়েছে। তবে আত্মতুষ্টির জায়গা নেই। লকডাউন তুললে ফের বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে সংক্রমণের গতি।
এবার আরও বিপজ্জনক ইঙ্গিত দিলেন ডাব্লিউএইচও প্রধান টেডরোজ আধানম গেবিয়াসেস। তিনি বলছেন, কোনও ভুল করবেন না। আমাদের এখনও অনেক লড়াই করতে হবে। এই ভাইরাস আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকবে।
তিনি বলেন, সপ্তাহের পর সপ্তাহ বাড়িতে বসে থাকতে হচ্ছে। এতে অনেক মানুষ স্বাভাবিকভাবেই বিরক্ত। তাঁরা উপার্জনের জন্য বাড়ির বাইরে যেতে চাইছেন। কিন্তু এই মুহূর্তে পৃথিবী আর আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারবে না। নতুন এই পরিস্থিতিকেই স্বাভাবিক ধরে নিয়ে এগোতে হবে।
উল্লেখ্য, চীনের উহান থেকে গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। সারা বিশ্বে মহামারিতে মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ২২৩ জন। আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৭ হাজার ৭৯০ জন।

