ব্রিটেনে ঘুমের সমস্যায় পড়েছেন দুই তৃতীয়াংশ মানুষ!



করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে লকডাউন। এই লকডাউনের মাঝে যুক্তরাজ্যের অর্ধেকের বেশি মানুষের ঘুমের সমস্যা হয়েছে বলে এক জরিপে দেখা গেছে।

পাঁচ জনের মধ্যে দু’জন জানিয়েছেন, তারা স্বাভাবিকের চেয়ে বেশি দুঃস্বপ্ন দেখেছেন। আর্থিক সমস্যার মুখোমুখি ব্যক্তিদের মধ্যে ঘুমের সমস্যা বেশি দেখা যায় বলে জরিপে বলা হয়েছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসস মোরি এবং কিংস কলেজ লন্ডন যৌথভাবে ওই জরিপ চালিয়েছে। গত মে মাসে অনলাইনে ১৬ থেকে ৭৫ বছর বয়সীদের ওপর ওই জরিপ চালানো হয়।

গবেষকরা বলছেন, ঘুমের অভাবের কারণে মহামারির মধ্যেই মানুষের ওপর বাড়তি প্রভাব পড়তে পারে। বিশেষ করে নারী, তরুণ এবং যারা আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছেন, তাদের ওপর ঘুম না হওয়ার কু-প্রভাব পড়তে পারে।

কিংস কলেজ লন্ডনের প্রফেসর ববি ডাফি বলেন, করোনাভাইরাস মানুষের জীবনে নানা ধরনের প্রভাব ফেলছে। মানুষের স্বাভাবিক জীবনযাপন পাল্টে দিয়েছে এই ভাইরাস। এমনকি মানুষের ঘুমেরও ব্যাঘাত ঘটাচ্ছে।

তিনি আরো বলেন, তিন জনে অন্তত দু’জন ব্রিটিশ বলেছেন, করোনাভাইরাস ও লকডাউনের ফলে তারা স্বাভাবিকভাবে ঘুমাতে পারছেন না।

জরিপে দেখা যায়, তরুণরা তুলনামূলক বেশি ঘুমিয়েছে। সে ক্ষেত্রে তারা দেরিতে ঘুমিয়ে দেরিতে জেগেছে। তবে শারীরিকভাবে ম্যাজম্যাজে ভাব তাদের কাটেনি।

সূত্র : বিবিসি