করোনা ভ্যাকসিন আবিষ্কারে সফলতার দাবি রুশ বিজ্ঞানীদের


ভ্যাকসিন

বিশ্বে প্রথমবারের মতো করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা সফল হয়েছে, এমনটিই দাবি করছেন রুশ বিজ্ঞানীরা। গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি মাইক্রোবায়োলজি তৈরি করা করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষায় সফলতার মুখ দেখেছে।

এক দল স্বেচ্ছাসেবকের ওপর এই পরীক্ষা চালানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইনস্টিটিউট অব ট্রান্সন্যাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি’র ডিরেক্টর ভাদিম তারাসোভ।

তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম স্পুটনিক আরও জানিয়েছে, ক্লিনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রথম দলকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হতে পারে। আর দ্বিতীয় দলটি আগামী ২০ জুলাই বাড়িতে ফিরতে পারবেন।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি করোনার এই ভাকসিনটি তৈরি করেছে। গত ১৮ জুন সেচেনভ বিশ্ববিদ্যালয়ে সেটির ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়। বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে তারাই স্বেচ্ছাসেবকদের ওপরে এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ করল বলে দাবি সেচেনভ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

সেচেনভ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেডিক্যাল প্যারাসাইটোলজি, ট্রপিক্যাল অ্যান্ড ভেক্টর বর্ন ডিজিসেসের ডিরেক্টর অ্যালেকজান্দ্রা লুকাসেভ জানিয়েছেন, পরীক্ষার এই পর্যায়ের মূল লক্ষ্য ছিল মানব শরীরে এই ভ্যাকসিন কতটা নিরাপদ তা খতিয়ে দেখা। এই পরীক্ষা সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসে থমকে গেছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে বিশ্বজুড়ে এমন অবস্থায় রুশ বিজ্ঞানীদের দাবি যদি সত্যি হয়, তবে স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে বিশ্ববাসী।