যেকোন বিশেষ দিনেই প্রিয় মানুষটির জন্য আমরা সাবাই বিশেষ কিছু করতে চাই। আর তাই প্রিয় মানুষের জন্য বিশেষ কিছু খাবার তৈরি করতে পারেন ভালোবাসা দিবসে। আসুন আজকের দিনে দেখে নেই এমনই বিশেষ কিছু খাবারের রেসিপি।
রেড ভেলভেট কেক
উপকরণ
মাখন ৩০০ গ্রাম
চিনি ২০০ গ্রাম
ডিম ৪টি
ময়দা ২০০ গ্রাম
ক্রিম চিজ ১০০ গ্রাম
খাবার রং (লাল) ৫ গ্রাম
চিনির সিরাপ ৫০ মিলিলিটার
ভ্যানিলা এসেন্স ৫০ গ্রাম
প্রণালি
শুরুতে মাখন ও চিনি বিট করে নিতে হবে। এরপর এতে ডিম মিশিয়ে ধীরে ধীরে ফেটিয়ে নিন। এবার আলাদাভাবে ময়দা ও খাবার রং মিশিয়ে এতে আগে বানানো মাখনের মিশ্রণটি মেশাতে হবে। পুরো মিশ্রণ এবার একটি পাত্রে ঢেলে বেক করে নিতে হবে। এরপর এটি ঠান্ডা করে তিন লেয়ারে কেটে নিয়ে এতে সিরাপ, মাখন ও চিজ দিন। সবশেষে নিজের পছন্দমত সাজিয়ে নিন।

মল্টেন লাভা কেক
উপকরণ
চকলেট ২০০ গ্রাম
ক্যাস্টর সুগার ১০০ গ্রাম
মাখন ২০০ গ্রাম
ডিমের কুসুম ৩টি
ডিম ১টি
ময়দা ৬ টেবিল-চামচ
চকলেট এসেন্স ২ ফোঁটা
কোকো পাউডার ২ টেবিল-চামচ
প্রণালি
চুলায় ডাবল বয়লারে মাখন ও চকলেট একসঙ্গে গলাতে হবে। চুলা থেকে নামিয়ে তাতে চিনি ও ডিমের কুসুম দিয়ে নাড়তে হবে। তারপর গোটা ডিম দিয়ে নাড়তে হবে। বাকি সব উপকরণ দিয়ে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল কেকের মিশ্রণ।
এবার কয়েকটা বড় মাফিন কাপে মাখন ব্রাশ করে কোকো পাউডার ছড়িয়ে দিতে হবে। তার ওপর কেকের মিশ্রণ ঢেলে ওভেনে মাঝারি তাপে ১০-১২ মিনিট বেক করতে হবে। কেকের চারপাশ শক্ত হবে, ভেতরের অংশ তরল থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল লাভা কেক। এবার ১ স্কুপ আইসক্রিম ও চকলেট সস দিয়ে পরিবেশন করুন এই কেকটি।

চকলেট চিজকেক বাইট
উপকরণ:
বিস্কুট ১০টি (ভেঙ্গে গুড়ো করে নেয়া)
মাখন ৩ টেবিল চামচ
আইসিং সুগার ২ টেবিল চামচ
লবণ সামান্য
ক্রিম চিজ ২ কাপ
ভ্যানিলা অ্যাসেন্স ১ টেবিল চামচ
আইসিং সুগার ১ কাপ
চকলেট চিপস ১ কাপ
প্রণালি: প্রথমে কেক বেইস তৈরি করার জন্য বিস্কুটগুঁড়া, বাটার, চকলেট, ভ্যানিলা অ্যাসেন্স, চিনি ও লবণ (স্বাদমতো) দিয়ে ভালোমতো মিশিয়ে কেকের বেইস তৈরি করে নিতে হবে। এই বেইসটি কেক টিন / টার্ট টিনে ভালো করে হাত দিয়ে চেপে চেপে বসাতে হবে। তারপর ফ্রিজে ২০ মিনিট রেখে দিতে হবে সেট হওয়ার জন্য।
এরপর ক্রিম চিজ, চিনি ও কিছুটা ভ্যানিলা অ্যাসেন্স মিশিয়ে ক্রিমের মত মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি কেক বেসের উপর ঢেলে ফ্রিজে ১ ঘণ্টা রেখে জমিয়ে নিতে হবে। এরপর কেক টিন থেকে চিজকেকটি বের করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর চকলেট চিপস গুলোর সাথে কিছুটা মাখন মিশিয়ে চকলেট চিপস গুলো গলিয়ে ছোট ছোট চিজ কেকের টুকরাগুলোকে কোট করতে হবে। এবার আরও ২০ মিনিট ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে চকলেট চিজকেক বাইট।

