মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলছে লকডাউন। ভারতেও সব কিছু থেমে আছে। গাড়ি চলছে না, বন্ধ স্কুল-কলেজ ও কলকারাখানা। আর তাতে করে উত্তর ভারতে ২০ বছরে বায়ুদূষণ সবচেয়ে কম হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।
নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের ইউনিভার্সিটি স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশনের বিজ্ঞানী পবন গুপ্ত বলেছেন, ‘আমরা বুঝতে পারছিলাম লকডাউনের মধ্যে বায়ুমন্ডলের অনেক জায়গায় পরিবর্তন দেখতে পাবো। কিন্তু বছরের এই সময়ে এসে এতটা পরিবর্তন দেখতে পাবো, বিশ্বাসই হচ্ছে না।’
শীতকাল এলেই উত্তর ভারত, বিশেষ করে দিল্লিতে বায়ুদূষণ অতিষ্ঠ করে তোলে জনজীবন। কিন্তু করোনাভাইরাসের লকডাউনে বিশুদ্ধ বায়ু ভারতজুড়ে।
নাসা তাদের স্যাটেলাইট সেন্সর ব্যবহার করে এই অভাবনীয় পরিবর্তন লক্ষ করেছে। ২০১৬ থেকে ২০২০ সালের ৩১ মার্চ থেকে ৫ এপ্রিলের বায়ুমন্ডল যাচাই করেছে নাসা লক্ষ্য করেছে এ যাবতকালের অন্যান্য সময়ের চেয়ে বর্তমানে দূষণ কম।

