জলবায়ু পরিবর্তন হচ্ছে, দূষিত হচ্ছে পরিবেশ। আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানীরা এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে উঠছেন। এই উদ্বিগ্নতা বাড়িয়ে দিতেই যেন নতুন এক খবর প্রকাশ করা হয়েছে।
যেখানে বলা হয়েছে, বিশ্ব জুড়ে গড় আয়ু তিন বছর কমেছে। বায়ু দূষণ এ গড় আয়ু কমার মূল কারণ।
মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক জার্নাল কার্ডিওভাস্কুলার রিসার্চে প্রকাশিত একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণায় বলা হয়, জ্বালানি, গ্যাস এবং কয়লা পোড়ানোর কারণে বিশ্বব্যাপী বায়ু দূষণ বাড়ছে। এ কারণে বিশ্বে ফুসফুসের রোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো রোগও বাড়ছে। আর এতে আয়ু কমছে বিশ্বের মানুষের।
এছাড়া বায়ু দূষণের কারণে পৃথিবীতে প্রতি বছর গড়ে প্রায় ৯০ লাখ অকাল মৃত্যুর ঘটনা ঘটছে বলেও বিজ্ঞানীদের পক্ষ থেকে বলা হয়েছে।
গবেষণা থেকে আরো জানা যায়, বায়ু দূষণ ম্যালেরিয়ার চেয়ে ১৯ গুণ বেশি মৃত্যু ঘটায়। এছাড়া এইডসের চেয়ে নয় গুণ বেশি মৃত্যু এই বায়ু দূষণ ঘটাতে পারে বলেও গবেষণায় তুলে ধরা হয়েছে।
বায়ু দূষণে সবচেয়ে বেশি আক্রান্ত হলো এশিয়া। এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে বায়ু দূষণের কারণে চীনে ৪.১ বছর গড় আয়ু কমেছে । এরপরই রয়েছে ভারত যেখানে ৩.৯ বছর গড় আয়ু কমেছে বায়ু দূষণের কারণে । এরপরের অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটিতে বায়ু দূষণে গড় আয়ূ ৩.৮ বছর কমেছে ।

