আধুনিক ফাস্ট ফুড সংস্কৃতি থেকে শুরু করে ঘরের খাবার টেবিল পর্যন্ত বিশ্বজুড়ে সবচেয়ে পরিচিত সসগুলোর একটি হলো টমেটো কেচাপ। ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার কিংবা ভাজাপোড়া খাবারের স্বাদ বাড়াতে এই সসের জুড়ি নেই। কেবল যুক্তরাষ্ট্রেই ৯৭ শতাংশ পরিবারের খাবার টেবিলে বা রেফ্রিজারেটরে এই লাল রঙের অম্ল-মধুর সসের বোতল পাওয়া যায়। এমনকি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের কলিন্সভিল শহরে বিশ্বের বৃহত্তম ক্যাটসাপ বোতলের স্থাপত্যও রয়েছে। কিন্তু আপাতদৃষ্টিতে পুরোপুরি আমেরিকান মনে হলেও টমেটো কেচাপের জন্মরহস্য লুকিয়ে আছে এশিয়ার প্রাচীন বাণিজ্যের ইতিহাসে। আরও বিস্ময়কর তথ্য হলো, জন্মের পর শতাব্দীর পর শতাব্দী ধরে এই সসে টমেটোর কোনো অস্তিত্বই ছিল না।
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী, কেচাপ বা ক্যাটসাপ শব্দটির উৎপত্তি চীনের হোক্কিয়েন উপভাষার কে-চিয়াপ শব্দ থেকে, যার অর্থ লবণে জারিত বা গাঁজানো মাছের ঝোল। ইতিহাসবিদদের ধারণা, প্রাচীন সমুদ্রবণিকেরা ভিয়েতনাম থেকে দক্ষিণ-পূর্ব চীনে এই গাঁজানো মাছের সস নিয়ে এসেছিলেন এবং পরে মালয়েশিয়ার কেতজাপ শব্দের মাধ্যমে তা ইউরোপীয় বণিকদের কাছে পরিচিত হয়ে ওঠে। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে এবং অষ্টাদশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ নাবিক ও ব্যবসায়ীরা দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই মুখরোচক গাঢ় সসের স্বাদ পান এবং দেশে ফিরে নিজেরা তা তৈরির চেষ্টা করেন।
১৭৩২ সালে ইংরেজ লেখক রিচার্ড ব্র্যাডলি প্রকাশিত একটি রন্ধনপ্রণালিতে ইস্ট ইন্ডিজের বেনকুলিন অঞ্চলের পেস্ট আকারের কেচাপের উল্লেখ পাওয়া যায়। তবে ব্রিটিশদের তৈরি সেই প্রাথমিক কেচাপে এশীয় উমামি স্বাদ আনতে টমেটোর বদলে ব্যবহার করা হতো মাশরুম, কাঁচা আখরোট, ঝিনুক বা অয়েস্টার এবং অ্যানচোভি মাছ। কালচে ও পাতলা তরল প্রকৃতির সেই কেচাপ মূলত স্যুপ, মাংস ও মাছ রান্নায় স্বাদবর্ধক হিসেবে ব্যবহৃত হতো। এমনকি বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টেনেরও প্রিয় খাবার ছিল মাশরুম কেচাপ। ব্রিটেনে দীর্ঘকাল ধরে মাশরুম ও আখরোটের তৈরি এই সসই কেচাপ হিসেবে প্রচলিত ছিল।
কেচাপের ইতিহাসে টমেটোর সংযোজন ঘটে উনিশ শতকের শুরুতে। ১৮১২ সালে বিজ্ঞানী ও উদ্যানতত্ত্ববিদ জেমস মিজ সর্বপ্রথম টমেটো কেচাপের লিখিত রেসিপি প্রকাশ করেন। সে সময় টমেটোকে বলা হতো লাভ অ্যাপল বা ভালোবাসার আপেল। জেমস মিজের সেই রেসিপিতে টমেটোর মণ্ড, নানা রকম মসলা এবং ব্র্যান্ডি ব্যবহার করা হলেও তাতে কোনো ভিনেগার বা চিনি ছিল না। টমেটো উৎপাদনের মৌসুম ছোট হওয়ায় এবং এই সস এক বছর পর্যন্ত ভালো থাকায় সারা বছর টমেটো সংরক্ষণের মাধ্যম হিসেবে কেচাপ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
উনিশ শতকের মাঝামাঝি সময়ে বাণিজ্যিকভাবে কেচাপ তৈরি শুরু হলে সংরক্ষণের অব্যবস্থাপনা এক বড় স্বাস্থ্যসংকট হয়ে দাঁড়ায়। অনেক অসাধু উৎপাদনকারী অপরিষ্কার পরিবেশে টমেটোর মণ্ড সংরক্ষণ করায় তাতে ব্যাকটেরিয়া, ইস্ট, স্পোর ও ছত্রাক জন্মাতে থাকে। এই দুরবস্থা দেখে ১৮৬৬ সালে ফরাসি রান্নার বই লেখক পিয়েরে ব্লট বাজারের বাণিজ্যিক কেচাপকে নোংরা ও পচা বলে অভিহিত করেন। এমনকি উজ্জ্বল লাল রঙ আনতে তখন অনেক কারখানায় ক্ষতিকর আলকাতরা বা কোল টার এবং পচন রোধে সোডিয়াম বেনজোয়েট মেশানো হতো।
১৮৭৬ সালে যুক্তরাষ্ট্রের পিটসবার্গের উদ্যোক্তা হেনরি জন হেইনজ ক্যাটসাপ নামে নিজস্ব টমেটো কেচাপ বাজারজাত শুরু করেন। উনিশ শতকের শেষভাগে বিজ্ঞানী ড. হার্ভে ওয়াশিংটন ওয়াইলি খাদ্যে ক্ষতিকর বেনজোয়েট রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন শুরু করলে হেইনজ তাঁর সঙ্গে যুক্ত হন। হেইনজ বুঝতে পেরেছিলেন যে ভোক্তারা রাসায়নিকমুক্ত নিরাপদ খাবার চান। তিনি অন্য কোম্পানিগুলোর মতো উচ্ছিষ্ট টমেটোর বদলে সম্পূর্ণ পাকা লাল টমেটো ব্যবহার শুরু করেন, যাতে প্রাকৃতিক সংরক্ষক উপাদান পেকটিন বেশি থাকে। একই সঙ্গে পচন রোধে তিনি রেসিপিতে ভিনেগার ও চিনির পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেন এবং পেঁয়াজ, অলস্পাইস, লবঙ্গ, দারুচিনি, জায়ফল, লাল মরিচ, গোলমরিচ, সরিষা দানা ও আদার মতো মসলার মিশ্রণে তৈরি করেন প্রিজারভেটিভমুক্ত ঘন কেচাপ।
এই উদ্ভাবন বাজার পুরোপুরি বদলে দেয় এবং ১৯০৫ সালের মধ্যেই হেইনজ কোম্পানি ৫০ লাখ বোতল কেচাপ বিক্রি করে। স্বচ্ছ কাচের বোতলে বিক্রি করার মাধ্যমে হেইনজ ক্রেতাদের কাছে এই সসের বিশুদ্ধতা তুলে ধরেন, যা সেই সময়ের কালচে ও ভেজালযুক্ত সসগুলোর ভিড়ে ভোক্তাদের আস্থা জয় করে নেয়। এর পর থেকে সাধারণ গৃহিণীদের রান্নার বই থেকে ঘরে দীর্ঘ সময় ধরে কেচাপ তৈরির রেসিপি ক্রমেই হারিয়ে যায় এবং কারখানায় তৈরি বোতলজাত কেচাপই ঘরের নিত্যপণ্যে পরিণত হয়। বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রেই বছরে ১০ বিলিয়ন আউন্স বা জনপ্রতি গড়ে তিনটি বোতল কেচাপ বিক্রি হয়। মেয়োনিজের পর দ্বিতীয় সর্বোচ্চ বিক্রীত এই সসটি আজ পূর্ব এশিয়ার লোনা মাছের ঝোল থেকে বিবর্তিত হয়ে বিশ্বজুড়ে আধুনিক খাদ্যশিল্পের এক অপরিহার্য পণ্যে পরিণত হয়েছে।
সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ন্যাশনাল জিওগ্রাফিক

