গোটা বিশ্বে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়া করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সাথে ছড়িয়ে পড়েছে অসংখ্য গুজব। সেসব গুজবে কান দিয়ে বিপদে পড়ার সম্ভাবনা আছে। এমনই কিছু মারাত্বক ক্ষতি করতে পারে মনে করছেন বিশেষজ্ঞরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে দেখা যায়, ত্বকে ক্লোরিন ও এলকোহল স্প্রে করলে ভাইরাসের মৃত্যু হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, স্যানিটাইজার ব্যতিত শুধু ক্লোরিন ও এলকোহল ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব রাসায়নিক ত্বকের ভাইরাস মারতে সক্ষম নয়।
এছাড়া ব্লিচিং দিয়ে কুলকুচা করলে করোনাভাইরাস এড়ানো যায় বলে যারা মনে করেন তা একেবারেই সঠিক নয়। বরং এই ক্ষারক মারাত্মক বিপর্যয় বয়ে আনতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
অনেকেই মনে করেন, গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে পান করলে করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে লেবু পানি, ভিটামিন সি, রসুন কিংবা কোন ঘরোয়া ওষুধই করোনা প্রতিরোধে সক্ষম নয়, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
শিশুরা কোভিড নাইন্টিনে আক্রান্ত হয় না বলেও ভুয়া তথ্য ছড়িয়েছে। তবে গবেষণায় দেখা গেছে সব বয়সী ব্যক্তিরই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। কেবল শিশুদের ইম্যুন সিস্টেমের কারণে উপসর্গগুলো কম দেখা যায় বলে জানান গবেষকরা।
পোষা প্রাণী থেকে করোনাভাইরাস ছড়ানোর মিথ থাকলেও তা সত্য নয়, এক গবেষণায় তা দেখা গেছে।
অনেকের ধারণা ছিল, বসন্তে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সব করোনাভাইরাসও মারা যাবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞরা বলছেন, সর্দি কাশি ও ফ্লু ভাইরাস শীতকালে বেশি ছড়ালেও অন্যান্য সময়েও ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রাতেও করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব নয়।

