রাতের পর রাত ঘুম হচ্ছে না অথবা সময় মতো পর্যাপ্ত ঘুমে ব্যাঘাত ঘটছে? তবে আপনার স্বাস্থ্যে চাপ পড়বে।
এক সমীক্ষায় দেখা গেছে, এই সমস্যা পুরুষদের থেকে নারীদের বেশি হয়, কারণ তাঁরা বাচ্চা এবং পুরো সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে চলেন। মোট ৪৯৫ জন মহিলার উপরে এই সমীক্ষা চালানো হয়েছে।
গবেষণায় দেখা যায়, যাঁদের ঘুমের সমস্যা রয়েছে, তাদের মাঝে মাঝরাতে ফ্যাট জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যায়। তাঁদের হার্টের সমস্যা, মোটা হয়ে যাওয়ার সমস্যা, টাইপ টু ডায়াবেটিসের সমস্যায় বেশি ভুগতে হচ্ছে।
গবেষক ব্রুক আগরওয়াল বলছেন, ‘একে তো মহিলাদের সংসার, সন্তানের দায়িত্ব নিতে হয়, উপরন্তু তাঁদের মেনোপজের সময়ে হরমোনের পরিবর্তনে সমস্যা বাড়ে। সব মিলিয়ে তাঁদের রাতের ঘুমে প্রভাব পড়ে।’
গবেষণা আরো বলছে, যে মহিলারা ইনসমেনিয়া বা অনিদ্রা রোগে ভোগেন তাঁরা বাকিদের চেয়ে ২০৫ ক্যালোরি বেশি খাবার খেয়ে থাকেন। স্বাভাবিকভাবেই তাঁদের ওজনও বেড়ে যায় বাকিদের চেয়ে বেশি। কাজেই রাতে ঘুমোনোর দিকে বিশেষভাবে নজর দিতেই হবে আপনাকে।
অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষায় বলা হয়েছে, ২০ থেকে ৭৬ বছর বয়সী মহিলাদের মধ্যে পরীক্ষা চালিয়ে দেখা গেছে, যাঁদের রোজ রাতে এক ঘণ্টারও বেশি সময় লাগে ঘুম আসতে, তাঁদের বাকিদের তুলনায় ৪২৬ ক্যালোরি বেশি খাবার খাওয়ার প্রবণতা রয়েছে প্রতিদিন। অথচ যাঁরা মিনিট পনেরোর মধ্যে ঘুমিয়ে পড়েন, তাঁদের এই সমস্যা নেই।

